ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশ কীভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয় এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীরা ভালো বুঝে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাই ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না।  

শনিবার (৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমান লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। কাজেই দেশ কীভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয় তা বিএনপি জানে।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত দেশের মানুষ আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিল। কিন্তু তারা সে সুযোগ কাজে লাগাতে পারেনি। দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, গণতন্ত্র হরণ করা হয়েছিল। ত্রিশ হাজার রাজনৈতিক নেতাকর্মী হত্যার শিকার হয়েছিল। 

ওবায়দুল হক নাসির এর সভাপতিত্বে গণ সমাবেশে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।