সব সংস্কার করে নির্বাচনে যাব— এটা যুক্তি হতে পারে না: মঈন খান

সব সংস্কার করে নির্বাচনে যাব— এটা কোনো যুক্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী সংস্কার দরকার, সেটি চিহ্নিত করতে হবে। সেগুলো সংস্কার করেই নির্বাচনের মাধ্যমে একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। এটাই ১৮ কোটি মানুষের প্রত্যাশা।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে মহানগর বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে। সুতরাং সংস্কার প্রয়োজন আছে। কিন্তু সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কার এমন কোনো জিনিস নয় যে আজই সংস্কার করে তা তালাবদ্ধ করে রাখবো। আগামী ১০ থেকে ৫০ বছর আর সংস্কার করবো না। 

তিনি বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ভূমিকা রাখেনি। ১৯৭১ সালের আওয়ামী লীগ কাপুরুষের মত দেশের জনগণকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মুখে আবারও সেই একইভাবে পালিয়েছে। বাংলাদেশকে কারা রক্ষা করেছে, সেই সঠিক ইতিহাস জানতে হবে। আওয়ামী লীগ কখনোই দেশের স্বার্থ রক্ষা করেনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ৭২-৭৫ পর্যন্ত গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল। দেশের মানুষ ৭ নভেম্বর জিয়াউর রহমানকে ক্ষমতায় এনে বাকশালের হাত থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে।