আবার হেরেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে প্রিমিয়ার লিগে ব্রাইটনের সংগে আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যাওয়ার পরও হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। এনিয়ে টানা চার ম্যাচ হারলো সিটি। দীর্ঘ ও সাফল্যে ভরা কোচিং ক্যারিয়ারে যে তিক্ত অভিজ্ঞতা কখনও হয়নি, এবার তাই হলো সিটি কোচ পেপ গুয়ার্দিওলার- টানা চার ম্যাচে পরাজয়।
সিটির কোচ হিসেবে আগে একবারই টানা তিন হারের স্বাদ পেয়েছিলেন তিনি; এর আগে ২০১৮ সালে টানা তিন ম্যাচ হেরেছিল দলটি।
আর ম্যানচেস্টার সিটি ১৮ বছরের মধ্যে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চারটি ম্যাচ হারল। এর আগে সবশেষ তাদের এমন অভিজ্ঞতা হয়েছিল স্টুয়ার্ট পিয়ার্সের কোচিংয়ে।
মৌসুমের শুরু থেকে সিটির টানা অপরাজেয় পথচলায় সিটির ছন্দপতন হয় গত ৩০ অক্টোবর, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে হেরে লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেয় তারা। পরের ছয় দিনের মধ্যে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠে ২-১ ও চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিং লিসবনের মাঠে ৪-১ গোলে হেরে যায় গার্দিওলার দল।
সিটির এই বিপর্যস্ত অবস্হার সু্যোগে অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে হারিয়ে ৫ পয়েন্ট পার্থক্য গড়ে শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল। ২০ মিনিটে মোহামেদ সালাহর অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে নেন দারউইন নুনেজ। ৮৪ মিনিটে সালাহ নিজেই গোল করেন।