টুপি ছাড়া পাকিস্তানি অল-রাউন্ডারের অদ্ভুত অভিষেক!

আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনো ফরম্যাটে অভিষেক হওয়া মানেই দলের সিনিয়র কেউ নবীন সদস্যকে টুপি পরিয়ে দেবেন। ম্যাচ শুরুর আগে এই আনুষ্ঠানিকতা হরহামেশাই দেখা যায়। কিন্তু পাকিস্তানের অল-রাউন্ডার কামরান গুলামের অভিষেকর মতো অদ্ভুত ঘটনা রীতিমতো বিরল। কামরান বুঝতেও পারলেন না কবে এবং কীভাবে তার আন্তর্জাতিক অভিষেক হয়ে গেল!

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের কাছে জাতীয় দলের টুপি চান কামরান। সতীর্থ অল-রাউন্ডারের অনুরোধে বিস্মিত হয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, তার জন্য কোনো টুপি বরাদ্দ নেই। কারণ আগেই তার ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়ে গেছে!‌ কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা?

২০২৩ সালের ১৩ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিলেন কামরান। কিন্তু সেই ম্যাচে তিনি বোলিং বা ব্যাটিং কিছুই করেননি। হারিস সোহেলের কনকাশন সাব হিসাবে নেমে তিনি শুধু ফিল্ডিং করেছিলেন। বদলি ক্রিকেটার হিসাবে মাঠে নামায় আনুষ্ঠানিকভাবে সেটাই কামরানের অভিষেক ম্যাচ হয়ে গেছে।

বিষয়টা যে এভাবে ঘটে যাবে- সেটা বুঝতে পারেননি কামরান। মেলবোর্নে নিজের ‘দ্বিতীয়’ ওয়ানডে খেলতে নামার আগে রিজওয়ানের কাছে তাই টুপি চেয়েছিলেন। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে কামরান বলেছেন, ‘খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলাম। ভেবেছিলাম, অভিষেক উপলক্ষে খেলা শুরুর আগে আমাকে জাতীয় দলের টুপি পরিয়ে দেওয়া হবে ।’

কামরান আরও বলেন, ‘রিজওয়ানকে জানাতেই সে বলল- “তোমার তো আগেই অভিষেক হয়ে গেছে। তাই তোমাকে আর টুপি দেওয়া যাবে না।” কনকাশন সাব হিসাবে আগে একটা ম্যাচে নেমেছিলাম। সেই ম্যাচে ব্যাট বা বল করার সুযোগ পাইনি। শুধু ফিল্ডিং করেছিলাম। সেটাই আমার অভিষেক!’