আওয়ামী লীগ প্রশ্নে মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী বিরোধী: শিবির সভাপতি

আওয়ামী লীগ প্রশ্নে মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী বিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। রবিবার (১০ নভেম্বর) শাহবাগে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।

মন্জুরুল ইসলাম বলেন, আজকে ঢাকা জুড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সভার সমাবেশগুলো এটাই প্রমাণ করে আওয়ামী লীগ প্রশ্নে মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী বিরোধী। গণরুম, গেস্টরুম, চাঁদাবাজি এবং নির্যাতনের মাধ্যমে ছাত্রলীগ বিগত ১৬ বছর ছাত্রদের মানবাধিকার হরণে জড়িত ছিল। জুলাই-আগস্ট বিপ্লব তখনই পরিপূর্ণতা পাবে যখন এতগুলো গণহত্যার সঠিক বিচার এবং তদন্তের মাধ্যমে আওয়ামী লীগকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।

সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার জনরোষের সামনে দেশ ছেড়ে পালিয়েছে। আজ ১০ নভেম্বর আজকের এই দিন স্বৈরাচার এরশাদ তিনজনকে হত্যা করে৷ তার মধ্যে একজন ছিল নুর ইসলাম। অথচ এই নুর ইসলাম যুবদলের কর্মী ছিল। নুর ইসলামের রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ বিগত ১৬ বছরে স্বৈরাচার হয়ে বসল।

তিনি আরও বলেন, শহীদেরা আমাদের পানে চেয়ে আছে তাদের ওপর হওয়া জুলুমের সঠিক বিচার হবে। ইনশাআল্লাহ হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হবে।

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনেরেল দেলোয়ার হোসেন বলেন, শাহবাগের ইতিহাস আপনারা সবাই জানেন এখানে প্রথমবারের মতো ইসলামবিরোধী শক্তি মব জাস্টিস তৈরি করে আমাদের মরহুম নেতাদের শহীদ করেছিল।

তিনি আরও বলেন, ইতিহাসের নির্মম পরিহাস এই শাহবাগ থেকে কোটা আন্দোলন উঠে এসে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এটাই আল্লাহর ফয়সালা। আওয়ামী লীগ জুলাই বিপ্লবে ২০০০ এর বেশি মানুষ হত্যা করেছে। এই খুনী হাসিনা ভারতের মাটিতে বসে আবার স্বপ্ন দেখছে ফিরে আসার। আমরা তা শক্তভাবে প্রতিহত করব।