সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী 

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নিলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ রবিবার সাড়ে ৭টার পর বঙ্গভবনে শপথ নেন তিনি। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এবার সেই সরকারে যোগ দিলেন ফারুকী।

এদিন ফারুকী ছাড়াও উপদেষ্টা পরিষদে শপথ নেন শেখ বশির উদ্দিন ও মাহফুজ আলম। 

শপথ নিচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী

ছাত্র–জনতার অভ্যুত্থানের পক্ষে শুরু থেকেই সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’–খ্যাত এই নির্মাতা। ফেসবুকে প্রতিদিনের নানা ঘটনা নিয়ে অকপটে নিজের মতো জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও সমসাময়িক নানা বিষয়ে অন্তর্জালে সরব ছিলেন এই নির্মাতা।

আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন। নির্মাণের পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিত ফারুকী। তাঁর মালিকানাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’–এর ব্যানারে তিনি বহু বিজ্ঞাপন, নাটক ও সিনেমা নির্মাণ করেছেন।