উপদেষ্টা কেন হলেন, জানালেন ফারুকী

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এবার সেই সরকারে যোগ দিলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা হিসেবে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর বঙ্গভবনে শপথ নেন তিনি।

শপথ নেওয়ার পর দায়িত্ব নেওয়া প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ফারুকী বলেন, ‘আমি কখনোই কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসব, এটা ভাবিনি। তবে আমি আজ শপথ নিলাম আমার দেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে!

কারণ হিসেবে তিনি বলেন, ‘দেশের জন্য কিছু করার আগ্রহ ও অধ্যাপক ইউনূসের সহকর্মী হওয়া আমাকে উৎসাহিত করেছে।’

পরিবর্তনের ইঙ্গিত দিয়ে জনপ্রিয় এ নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘আশা মনে করি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা সফল হবে। আমি যদি কাজের মধ্যে কোনো ভুল করি, সবার প্রতি আমার একই বক্তব্য, ফিল ফ্রি। ধরিয়ে দেবেন, এটা ভুল হচ্ছে। আমি সেটিকে সাদরে গ্রহণ করব।’

ছাত্র–জনতার অভ্যুত্থানের পক্ষে শুরু থেকেই সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’–খ্যাত এই নির্মাতা। ফেসবুকে প্রতিদিনের নানা ঘটনা নিয়ে অকপটে নিজের মতো জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও সমসাময়িক নানা বিষয়ে অন্তর্জালে সরব ছিলেন এই নির্মাতা।

আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন। নির্মাণের পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিত ফারুকী। তাঁর মালিকানাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’–এর ব্যানারে তিনি বহু বিজ্ঞাপন, নাটক ও সিনেমা নির্মাণ করেছেন।