বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। রবিবার (১০ নভেম্বর) রাতে ক্ষোভ জানিয়ে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দেন।
তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘শুধু একটা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই!’
তিনি তার পোস্টে আরও লিখেন, খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন!
এদিকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন আরও তিনজন উপদেষ্টা। আজ রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তারা হলেন, শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
এদিকে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনের বিরুদ্ধে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেছে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় তাদের ‘আওয়ামী লীগের উপদেষ্টা মানি না, মানব না’ ইত্যাদি বলে স্লোগান দিতে শোনা যায়।