বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারাই ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ নানা বেশ ধরে রাজনীতিতে সক্রিয় হতে চায়। সমস্যা হচ্ছে যখন দেশের মানুষ আপনাকে বিতাড়িত করে, তখন আপনি একেক সময় একেক কাভারে আসতে চান। কোনো কোনো সময় হিন্দু-মুসলিম ইস্যুটা নিয়ে আসবেন, কিছু সময় ওই যে হিন্দুদের ওপরে নির্যাতনের চিত্র নিয়ে আসবেন। আবার এখন ট্রাম্পের (নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) চিত্র আসছে। আসলে তারা কোনো একটা বেশে আবার দেশের মধ্যে আসতে চাচ্ছে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্য। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে।
গতকাল সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনার সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, কূটনৈতিক উইংয়ের সদস্য শামা ওবায়েদ ছিলেন। অন্যদিকে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো, হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম ছিলেন।
বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে আমীর খসরু উপরোক্ত মন্তব্য করেন।
খসরু আরও বলেন, ‘ট্রাম্পের বেশে কেন আসতে হবে, হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে। কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছাল। এটা তারা নিজেরাই প্রমাণ করেছে, তাই না।’
তিনি বলেন, ‘এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। দুদেশের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।