দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রচণ্ড চাপে আছেন গৌতম গম্ভীর। বিসিসিআইয়ের কাছে টানা ছয় ঘন্টার বৈঠকে তাকে জবাবদিহিতা করতে হয়েছে। সামনে আবার অস্ট্রেলিয়া সফর। চারদিক থেকে ভেসে আসছে সমালোচনা। তাই রিকি পন্টিংয়ের কথা শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন ভারতের প্রধান কোচ গম্ভীর।
বিরাট কোহলির ফর্ম নিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, ‘কোহলির একটি পরিসংখ্যান সেদিন দেখলাম যে, গত পাঁচ বছরে সে স্রেফ দুটি টেস্ট সেঞ্চুরি করেছে। পরিসংখ্যানটিকে আমার ঠিক মনে হয়নি। তবে এটা যদি ঠিক হয়, তাহলে ব্যাপারটি নিয়ে দুর্ভাবনার কারণ আছে। অন্য কেউ যদি পাঁচ বছরে দুটি শতরান করত, তাহলে তাকে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে খেলতেই দেখা যেত না।’
পন্টিং অবশ্য ভুল কিছু বলেননি। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর থেকে এই পর্যন্ত ৩৪ টেস্টে সত্যিই কোহলি সেঞ্চুরি স্রেফ দুটি। এই সময়ে তার ব্যাটিং গড় মোটে ৩১.৬৮। তার ক্যারিয়ার গড়ও ৫৪ থেকে নেমে হয়েছে ৪৭.৮৩। এই সময়টায় ভারতের হয়ে ৩২ টেস্টে ৬ সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা, ২৯ টেস্টে ৫টি শুবমান গিল, ২৭ টেস্টে ৪টি করেছেন রিশাভ পান্ত।
অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে সংবাদ সম্মেলনে পন্টিংয়ের মন্তব্যের বিষয়ে গম্ভীর বলেন, ‘কোনো দুর্ভাবনা নেই (কোহলি-রোহিতকে নিয়ে)। ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত ভাবনা কেন? তার উচিত অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে চিন্তা করা। আমার কোনো দুশ্চিন্তা নেই (ওই দুজনকে নিয়ে)। ওরা দুজন অবিশ্বাস্য কঠিন মানসিকতার, ভারতীয় ক্রিকেটের জন্য অনেক অর্জন করেছে এবং ভবিষ্যতেও করবে।’