শততম ওয়ানডেতে নেতৃত্বে মিরাজ, টস জিতে নিলেন ব্যাটিং

বাংলাদেশ–আফগানিস্তান ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিতে মেহেদি হাসান মিরাজ খেলতে নামছেন নিজের শততম ওয়ানডে ম্যাচ। কুঁচকির চোটের কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় নেতৃত্ব দেবেন মিরাজ। আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথমবার অধিনায়কত্ব করতে নেমেই তিনি জিতলেন টস। আর বাংলাদেশ নামছে ব্যাটিংয়ে।

বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে আজ ১০০ ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন মেহেদি হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে তার নেতৃত্বের অভিষেক হতে যাচ্ছে নিজের শততম ওয়ানডেতে। কুঁচকির চোটে নাজমুল হোসেন শান্ত আজকের ম্যাচের পাশাপাশি ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ থেকেও। সব ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় ব্লেজার গায়ে চাপিয়ে টস করতে নামবেন মিরাজ। সেটি তার ৫০তম টেস্ট।

নিজের দুটি মাইলফলক টেস্টে দুই সংস্করণে প্রথমবার নেতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন তিনি। দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, বয়সভিত্তিক ক্রিকেট থেকে তাকে ভবিষ্যতের নেতা ভাবা হচ্ছে। অবশেষে সেই ভবিষ্যতের সঙ্গে বর্তমানের দেখা হতে চলেছে।২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে লাল-সবুজের জার্সিতে ওয়ানডেতে অভিষেক হয় মিরাজের। নিজের অভিষেক ম্যাচে ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তবে বল হাতে ১০ ওভারের কোটা পূরণ করে দুটি উইকেট নিয়েছিলেন মিরাজ।

মিরাজের আগে আরও ১২ জন ক্রিকেটার ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, তিনি খেলেছেন ২৭২টি ম্যাচ। সাকিব আল হাসান খেলেছেন ২৪৭ ম্যাচ। তামিম ইকবাল ২৪৩ ম্যাচ, মাহমুদউল্লাহ রিয়াদ ২৩৪ ম্যাচ ও মাশরাফী বিন মোর্ত্তজা খেলেছেন ২১৮টি ম্যাচ। এছাড়া মোহাম্মদ আশরাফুল ১৭৫ ম্যাচ, আব্দুর রাজ্জাক ১৫৩ ম্যাচ, খালেদ মাসুদ পাইলট ১২৬ ম্যাচ, মোহাম্মদ রফিক ১২৩ ম্যাচ, হাবিবুল বাশার ১১১ ম্যাচ, মোস্তাফিজুর রহমান ১০৬ ম্যাচ এবং রুবেল হোসেন খেলেছেন ১০৪ ম্যাচ।

এর আগে দ্বিতীয় ওয়ানডেতেও টসে জিতেছিল বাংলাদেশ। তিন সংস্করণ মিলিয়ে ২৩তম অধিনায়ক হিসেবে টস করলেন বাংলাদেশের অধিনায়ক মিরাজ। প্রথমবারেই জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

দ্বিতীয় ওয়ানডের দলে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। নাজমুলের জায়গায় দলে ঢুকেছেন জাকির। বিশ্রাম পেয়েছেন পেসার তাসকিন। তার জায়গায় ওয়ানডে অভিষেক হচ্ছে পেসার নাহিদ রানার।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।