সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও নওফেলসহ ৬০ জনের নামে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর নির্যাতনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০ থেকে ১৩০ জনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। 

গত শনিবার (৯ নভেম্বর) রাতে মামলাটি দায়ের করেন খুলশীর পাহাড়িকা আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহিদুল হাসান ফাহিম (৩৫)। তবে বিষয়টি জানাজানি হয়েছে আজ সোমবার (১১ নভেম্বর)। মামলার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন— নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, আবদুস সালাম,  মেজর  জেনারেল ইব্রাহিম, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি প্রমুখ। 

এজাহারে অভিযোগ করা হয়, ৪ আগস্ট সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরের আমতল এলাকায়   বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে ছুরি, পিস্তল, রিভলবার, হকিস্টিক, ইট, পাটকেল ও বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর নির্যাতন করে। আসামিদের ছোঁড়া ককটেল ও গ্রেনেডের আঘাতে আহত হয়ে নিউ লাইফ হসপিটালে চিকিৎসা নেন বাদী। সেখানে অস্ত্রোপচার করে তার শরীর থেকে কয়েকটি রাবার বুলেট অপসারণ করা হয়।