ট্রাম্প জিততেই ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্নে

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন পৌঁছেছে। সোমবার (১১ নভেম্বর) রুপির বিনিময় হার আরও ১ পয়সা কমে যাওয়ার পর ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৩৮ রুপিতে পৌঁছেছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এর আগে গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার আরও ৫ পয়সা কমে যায়। তাতে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছিল ৮৪ দশমিক ৩৭ রুপি। সোমবারের আগ পর্যন্ত এটিই ছিল মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের সর্বনিম্ন দাম।

ফরেক্স ব্যবসায়ীরা বলছেন, ডলার সূচকে ওঠা-নামা না হলে বা বিদেশি তহবিলের প্রবাহে মন্দা না হলে রুপির চাপে থাকার আশঙ্কা রয়েছে। অপরদিকে মার্কিন ডলারের বিপরীতে রুপির দামের পতন ঠেকাতে বৈদেশিক রিজার্ভ থেকে বিপুল ডলার বিক্রি করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। কিন্তু তা সত্ত্বেও নিম্নমুখী রয়েছে রুপির সূচক।

মূলত চলতি নভেম্বরে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতেই বিশ্ব বাজারে শক্তিশালী হতে শুরু করে ডলার। ফলে অনেকটা নেমে যায় ভারতীয় রুপির মূল্য।