মাদক সেবনের দায়ে নেত্রকোণার কেন্দুয়ায় তোফায়েল আহমেদ (৩৪) নামের এক যুবককে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে আরও ১০০ টাকার অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। তোফায়েল আহমেদ উপজেলার চিরাং বাজার এলাকার বাসিন্দা।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে নিজ বাড়িতে গাঁজা সেবনরত অবস্থায় তোফায়েল আহমেদকে আটক করা হয়। এ সময় গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ওই যুবককে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে সোমবার বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।