ক্যারিয়ারটা অন্যরকমও হতে পারত

যে সিনেমা দিয়ে আট বছর আগে শোবিজে যাত্রা শুরু করেছিলেন মাখুনুন সুলতানা মাহিমা, সেই ‘রংঢং’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। আহসান সারোয়ার পরিচালিত এ ছবিটির শুটিং ২০১৬ সালে শেষ হলেও নানা জটিলতায় এতদিন মুক্তি আটকে ছিল। সিনেমাটি সে সময় না এলেও মুক্তি পেয়েছিল সিনেমাটির ‘বয়স ষোলোতে প্রেম’ গানটি। সে সময়ে গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

মুক্তি পাওয়ার পর প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মাহিমা। এর মধ্যে সোশ্যালে নিজের একটি অপ্রস্তুত ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে তাকে কাঁদতে দেখা গেছে।

সেই মুহূর্তের প্রসঙ্গ টেনে অভিনেত্রী দেশ রূপান্তরকে বললেন, ‘সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম দিনেই দেখতে গিয়েছিলাম। বড় পর্দায় নিজেকে দেখার উচ্ছ্বাস ধরে রাখতে পারিনি। ব্যাকগ্রাউন্ডে টোন বাজছে আর পর্দায় যখন আমাকে দেখছিলাম তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। চোখে পানি চলে এসেছিল। প্রত্যেকটা অভিনয়শিল্পীরই কিন্তু লক্ষ্য থাকে বড় পর্দায় নিজেকে দেখার। সেটাই যখন আমার সঙ্গে হচ্ছিল সত্যি আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘এটা ছিল আমার একদম শুরুর দিকের কাজ। এই সিনেমা দিয়েই শোবিজে আমার পদচারণা শুরু হয়। নানা কারণে সিনেমাটি এতদিন মুক্তি পায়নি। অবশেষে এল, তাও আট বছর পর। খারাপ লেগেছিল কিন্তু আমার কোনো আক্ষেপ নেই। তবে সিনেমাটি আরও আগে মুক্তি পেলে হয়তো আমার ক্যারিয়ারটা একটু অন্যরকম হতো। যেহেতু সিনেমা দিয়েই আমার শুরু। এখন আর আক্ষেপ করেও লাভ নেই বা আমার নতুন করে পাওয়ারও কিছু নেই। এটা থেকে যা পাওয়ার সাত বছর আগেই পেয়েছি। গানটি ২০১৭ সালে রিলিজ হয়েছিল। ওইসময়ে গানটি এত পরিমাণ ভাইরাল হয়েছিল এবং প্রশংসা পেয়েছিল যে আলাদা করে আমার একটা পরিচিতি তৈরি হয়েছিল।’

সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন বলেও জানালেন তিনি। মাহিমা বলেন, ‘যারা দেখেছেন তারা প্রশংসা করছেন, সাধুবাদ জানাচ্ছেন। বেশ ভালো লাগছে।’

কিছুদিন আগেই স্নাতক শেষ করেছেন মাহিমা। এখন স্নাতকোত্তর করার প্রস্তুতি নিচ্ছেন। এর পাশাপাশি অভিনয়ে ব্যস্ততা তো রয়েছেই। এর মধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। এসেছে সিনেমার প্রস্তাবও। অভিনেত্রী বললেন, ‘মাঝে তো দেশের পরিস্থিতির কারণে কাজ কম হচ্ছিল। তা ছাড়া আমারও কাজ করতে মন সায় দিচ্ছিল না। এরপর যখন একটু স্বাভাবিক হতে শুরু করল, তখন আবার কাজ শুরু করি। বলতে পারেন মোটামুটি ব্যস্ততা। সামনে ভালোবাসা দিবসের কিছু কাজ করা হবে। এর মধ্যে সিনেমার প্রস্তাবও এসেছে। দেখা যাক কী হয়!’