শেষ ম্যাচে আর রক্ষা হলো না। আফগানিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ। খোয়া গেছে সিরিজটাও। তবে হারলেও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং ম্যাচে দলের পারফরম্যান্সের জন্য প্রশংসা করেছেন। ব্যাটিং করা কঠিন হলেও মাহমুদউল্লাহ রিয়াদ ও তার নিজের গড়া গুরুত্বপূর্ণ জুটি দলের জন্য খুবই সহায়ক ছিল।
ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘গত দুই ম্যাচে আমরা দেখেছি উইকেটে স্পিন ধরছে, তাই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিই। আমাদের ইচ্ছে ছিল স্পিনারদের সহায়তা পাওয়া।’
তবে শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে ভালোভাবে আসছিল, যা আফগান ব্যাটসম্যানদের সুবিধা দেয়। রহমতুল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রশংসা করে মিরাজ বলেন, ‘ওরা খুব ভালো খেলেছে। আমাদের পরিকল্পনা ছিল দ্রুত উইকেট নেওয়া, কিন্তু মধ্য ওভারে সেই উইকেটগুলো তুলতে ব্যর্থ হয়েছি। এটাই আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়।’
অধিনায়ক আরও জানান, তরুণ খেলোয়াড় নাহিদ রানার পারফরম্যান্সে তিনি বেশ সন্তুষ্ট। সাম্প্রতিক ম্যাচগুলোতে নিয়মিতভাবে ভালো খেলার জন্য নাহিদের প্রশংসা করেন তিনি। মিরাজ বলেন, ‘নাহিদ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে, যা আমাদের দলের জন্য আশাব্যঞ্জক।’
মিরাজের মতে, ম্যাচের ফলাফল হতাশাজনক হলেও দলের খেলোয়াড়রা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। উইকেটের আচরণ এবং ম্যাচ পরিস্থিতি বিবেচনায় দল গঠন ও কৌশল নির্ধারণে চিন্তাভাবনা করা হয়েছে বলে তিনি জানান। তবে ব্যাটসম্যানদের কিছু ভুল এবং বোলারদের মধ্যে ধারাবাহিকতা না থাকার কারণে কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব হয়নি।
অধিনায়ক হিসেবে দলের উন্নতির লক্ষ্যে মিরাজ পরবর্তী ম্যাচগুলোতে কৌশলগত পরিবর্তন আনতে আগ্রহী।