টানা তিন সিরিজ জয়ে খুশি আফগান অধিনায়ক শহিদি

আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। টসে হারার কারণে হতাশ হলেও দলের লড়াকু মনোভাব এবং ক্রিকেটারদের পারফরম্যান্স তাকে গর্বিত করেছে।

ম্যাচ শেষে শহিদি বলেন, ‘আমার দল যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে, বিশেষ করে গুরবাজ, ওমরজাই এবং নাবি—ওদের পারফরম্যান্সে আমি সত্যিই গর্বিত।’

রহমতুল্লাহ গুরবাজের সেঞ্চুরির প্রশংসা করে শহিদি বলেন, ‘গুরবাজ একজন ম্যাচ-উইনার। যখনই সে রান করে, আমাদের জন্য বিশাল অবদান রাখে। ওর প্রতিভা অসাধারণ এবং আশা করি সে এই ধারাবাহিকতা পরবর্তী সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে রাখতে পারবে।’

টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ে শহিদি আফগানিস্তানের সামগ্রিক উন্নতির উপর জোর দেন। তিনি বলেন, ‘আমরা যেভাবে খেলছি তা দারুণ। প্রত্যেক খেলোয়াড়ই প্রতিটি ম্যাচে পারফর্ম করছে, যা দলের জন্য ইতিবাচক। বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন সময়ে পারফর্ম করছে, এটা দলের শক্তির পরিচায়ক। আমাদের লক্ষ্য দলকে আরও শক্তিশালী করা।’

আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকেও লক্ষ্য হিসেবে রেখে শহিদি বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য জিম্বাবুয়ে সিরিজ এবং আমরা চাই সেই সিরিজেও ইতিবাচক মনোভাব নিয়ে খেলতে। ভালোভাবে প্রস্তুত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়াই আমাদের লক্ষ্য।’