পুলিশে বড় রদবদল

১৬ জন ওএসডি ৪৮ জন বদলি

বাংলাদেশ পুলিশের ৬৪ কর্মকর্তাকে বদলি ও প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনকে ওএসডি (কার্যালয়ে সংযুক্ত) এবং ৪৮ জনকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

বদলিকৃতদের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হলেন ড. মো. নাজমুল কবির খান। এ ছাড়া আটজন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে ১৬ জনকে ওএসডি করা হয়েছে। এদের মধ্যে একজন ডিআইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চলতি পদ থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়।