বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাদানকারী চিকিৎসকদের শাস্তিমূলক বদলির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাব। সংগঠনটি আগামী ৭ দিনের মধ্যে এসব বদলির আদেশ বাতিলের দাবি জানিয়েছে।
গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত জুলাই-আগস্ট আন্দোলনে আহত ছাত্র-জনতাকে চিকিৎসাসেবা দেন বৈষম্যের শিকার চিকিৎসকরা। কিন্তু আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দানকারী ডা. মো. জাভেদ হোসেনকে গত ১০ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ কক্সবাজারের মহেশখালী উপজেলায় শাস্তিমূলক বদলি করে। বিবৃতিতে ডা. জাভেদ হোসেনের বৈষম্যমূলক ও শাস্তিমূলক বদলির আদেশ অবিলম্বে বাতিলের জোর দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ইতিপূর্বে স্বৈরাচারের দোসর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. রোবেদ আমীনের পদত্যাগের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলনে চিকিৎসাসেবা দানকারী ডা. মো. ফারুক হোসেন, ডা. মো. মাহবুব আরেফীন রেজানুর, ডা. আশরাফীসহ চারজন চিকিৎসককে শাস্তিমূলক বদলি করা হয়, যা বৈমষ্যবিরোধী আন্দোলনের মূলমন্ত্রের পরিপন্থি। স্বয়ং স্বাস্থ্য উপদেষ্টা সেই চারজন চিকিৎসকের শাস্তিমূলক বদলির আদেশ বাতিলের আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও বিবৃতিতে জানানো হয়।