আওয়ামী লীগ নেতা ও ১৪-দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরীকে মারধরের ঘটনায় তদন্ত করে তার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তফিজুর রহমান। গতকাল সোমবার আদালত স্বপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেয়। সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গত ৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-৯-এর এজলাস কক্ষে আমির হোসেন আমুর রিমান্ড ও জামিন শুনানি হয়। এ সময় দুপক্ষের আইনজীবীদের মধ্যে বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে একজন আইনজীবী মেঝেতে পড়ে যান, যা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ন্যায় ও সুষ্ঠু বিচারকার্য প্রতিষ্ঠাসহ আদালতের প্রতি জনগণ ও বিচার প্রার্থীদের আস্থা সমুন্নত রাখা এবং এজলাস কক্ষে প্রত্যেকের শোভন আচরণ বজায় রাখা আবশ্যক। এজলাস চলাকালীন প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট আইনজীবীদের এমন আচরণ আদালত ও আইনজীবীর মর্যাদা ক্ষুন্ন হয়েছে।