নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

বাগেরহাটের মোল্লাহাটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাতে খুলনা—মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, প্রাইভেটকার চালক তারেক (৩৫) ও রিয়াদ (৪০)। আহতরা হলেন, হাবিবুর রহমান, রাসেল ও সোহরাব হোসেন। এদের সবার বাড়ির কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর ও তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্রাইভেট কার বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে হাইওয়ে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে গাড়ির ভেতরে মোট পাঁচজনকে দেখতে পায়। এরমধ্যে প্রাইভেট কারের চালক তারেককে মৃত অবস্থায় পাই। আর বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মধ্যে রিয়াদ নামে আরেকজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার শিকার প্রাইভেটকারের চালক ঘুমিয়ে পড়েছিলেন অথবা গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছি। দুর্ঘটনার কারন তদন্ত করে দেখা হচ্ছে।