র‍্যাব বিলুপ্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানালেন পা হারানো লিমন

র‍্যাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিলুপ্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন জানিয়েছেন ২০১১ সালে র‍্যাবের গুলিতে পা হারানো লিমন। 

এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ আজ দুপুরে র‌্যাবের গুলিতে পা হারানো মুহাম্মদ লিমন হোসেন (বর্তমানে গণবিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক) ট্রাইব্যুনালে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছিলেন।

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ঝালকাঠিতে ছয় র‌্যাব সদস্যের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনও (পিবিআই) চূড়ান্ত প্রতিবেদন দেয়। পিবিআইয়ের সেই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে লিমনের মা হেনোয়রা বেগমের নারাজি আবেদন গ্রহণ করেছেন আদালত। মামলাটি পুনঃ তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

চলতি বছরের ২৮ নভেম্বর ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এইচ এম ইমরানুর রহমান নারাজি আবেদন শুনানি শেষে এ আদেশ দেন। হেনোয়রা বেগমের পক্ষে আদালতে শুনানি করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক) নিয়োজিত আইনজীবী আক্কাস সিকদার। লিমনের মা ২০২২ সালের ৫ ডিসেম্বর এই নারাজি আবেদন করেছিলেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র‌্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন। তখন লিমনের বয়স ছিল ১৬ বছর ৩ মাস। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকেরা অস্ত্রোপচার করে লিমনের বাঁ পা হাঁটু থেকে কেটে ফেলেন।

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার মাত্র ১২ দিন আগে এ ঘটনা ঘটে। এ কারণে সে বছর লিমন এইচএসসি পরীক্ষা দিতে পারেনি।

চিকিৎসাধীন অবস্থায় পড়াশোনা করে পরের বছর পিরোজপুরের কাউখালী উপজেলার কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পান তিনি। এরপর ভর্তি হন সাভারের গণবিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে উচ্চশিক্ষা নিয়ে আবার একই প্রতিষ্ঠানেই শিক্ষক হিসেবে যুক্ত হন তিনি।