কেরানীগঞ্জে সড়কে প্রাণ গেল যুবকের

ঢাকার কেরানীগঞ্জ আব্দুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সালমান খান দিনার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাওয়া রোডের আব্দুল্লাপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দিনার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের জামান খানের ছেলে। পরিবার নিয়ে পুরান ঢাকার আরসিন গেট এলাকায় থাকতেন। ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল দিনার। তবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেননি তিনি। 

নিহত দিনারের খালাতো ভাই মো. সজিব আহমেদ জানান, মঙ্গলবার বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন দিনার। সেখান থেকেই ঢাকায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। পরবর্তীতে লোক মারফত তার দুর্ঘটনার খবর শুনতে পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দিয়েছে বলে শুনেছি। তবে তার সাথে আর কয়জন ছিলো তা এখনও জানা যায়নি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে দিনারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে স্বজনরা সঙ্গে সঙ্গে মরদেহটি হাসপাতাল থেকে নিয়ে গেছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।