ভারত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাবে না, আইসিসিকে চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসি আবার সেটি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও পাল্টা চিঠি দিল আইসিসির কাছে।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চলছে চিঠি চালাচালি! পিসিবি আইসিসির কাছে জানতে চেয়েছে, ভারত দলের পাকিস্তানে খেলতে যেতে না চাওয়ার আসল কারণ। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে আইসিসিকে চিঠি দেওয়ার খবরটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের পর আর পাকিস্তান সফর করেনি ভারত ক্রিকেট দল। এবার তারা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতে না যাওয়ার কারণ হিসেবে বলেছে নিরাপত্তাঝুঁকির কথা।
আইসিসি নাকি পিসিবিকে ২০২৩ এশিয়া কাপের মতো 'হাইব্রিড মডেল' এ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তাব দিয়েছে, যেখানে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন না করার ব্যাপারে অনড় পাকিস্তান।
এও শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত পাকিস্তান যদি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে না চায়, তাহলে সেটা দক্ষিণ আফ্রিকা বা সংযুক্ত আরব আমিরাতেও হতে পারে। তবে টুর্নামেন্ট যদি পাকিস্তান থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়, তাহলে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফিতে নাও খেলতে পারে।
সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য যেন সুতোয় ঝুলছে।