আওয়ামী ভাঙ্গারি লীগ-জাতীয়তাবাদী সাপুড়ে দল আছে : রোবায়েত ফেরদৌস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেছেন, নাগরিক সমাজের মধ্যে পার্টিবাদ কায়েম করা হয়েছে। এদেরও দলদাস বানানো হয়েছে। আওয়ামী ভাঙ্গারি লীগ আছে, জাতীয়তাবাদী সাপুড়ে দল আছে। বিয়ের সময় জিজ্ঞাসা করা হয় পাত্র কী করে? উত্তর আসে পাত্র ছাত্রলীগ করে। এভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী, পিয়ন, সেক্রেটারি দলদাসে পরিণত হয়েছে। আমরা স্বাধীন সাংবাদিকতা দেখি নাই।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগারে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ দিন সুজন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, নির্বাচন ভালো হলেই মানুষ গুড গভর্মেন্ট পায় না। গত ১৫ বছরে ১৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এটা কল্পনা করা যায় না। এটা দিয়ে ৬৫টি পদ্মা সেতু তৈরী করা যায়। কতটা বর্বর হলে একজন মানুষের ৩৬০টি বাড়ি থাকতে পারে লন্ডনে। বেনজিরের বোধ হয় প্রতি জেলায় একটি করে বাড়ি রয়েছে। একজন পিওনের যদি ৪০০ কোটি টাকা থাকে তাহলে মালিকের কত টাকা?

রোবায়েত ফেরদৌস বলেন, ‘সংবিধান সংস্কার করতে হবে এবং এর সমালোচনাও করতে হবে। যেই সংবিধান আর রাষ্ট্র কাঠামো বানিয়েছি, তার স্ট্রাকচারটাই হচ্ছে স্বৈরাচারে পরিণত করা। তাই ক্ষমতাকে কীভাবে চেক এন্ড ব্যালেন্স করা যায় তা ভাবতে হবে।

তিনি আরও বলেন, ‘সরকারকে তার কাজের জন্য সংসদে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আমরা দেখেছি ভোটের নামে শেখ হাসিনা কীভাবে প্রহসন করেছে। এই পার্লামেন্টে কোনো জবাবদিহিতা নাই। এমপি পাপ্পুর স্ত্রী বললো সে বাসায় একা থাকে, তাই পাপ্পু ৬ কোটি টাকা ব্যয় করে তাকেও এমপি বানালো ৬ এমপির সমর্থন নিয়ে। সেই পাপ্পু এখন কুয়েতের কারাগারে আছে। আদালতের কাছে সরকারকে জবাবদিহি করতে হবে। এটা যে চলছে না তার প্রমাণ হচ্ছে দুজন বিচারককে কান ধরে বের করে দেওয়া হয়েছে। তাই এদেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। থাকলে ত্বকীর বাবা বিচার পেত। এমন মানুষকেই আমরা বিচারপতি বানাই যাদের আবার বের করেও দেওয়া যায়।

 সভায় জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বী, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন, সিপিবির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতির মহানগর সমন্বয়ক নিয়ামুর রশিদ বিপ্লব, গণঅধিকারের জেলা সেক্রেটারি রাহুল আরফিন প্রমুখ।