মামলা গড়িয়ে সরকার পর্যন্ত...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের হতাহতের ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এরই মধ্যে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে কয়েকশ মামলা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ অন্তত ৫ লাখ মানুষকে আসামি করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ পুলিশ কর্মকর্তা-আমলা, ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কেউই বাদ যাচ্ছেন না এসব মামলার আসামি তালিকা থেকে।

তবে অনেক ক্ষেত্রেই মামলার আসামিদের চেনেন না স্বয়ং বাদী ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। এসব মামলা ঢালাওভাবে করা হচ্ছে বলে অভিযোগ করছেন মানবাধিকার কর্মীরা।

এমন ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার সন্ধ্যায় আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে অহরহ গায়েবি মামলা হতো। কিন্তু ৫ আগস্টের পর বর্তমান সরকার কোনো মামলা করছে না। তবে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে ঢালাও মামলা হচ্ছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর।

এসব ঢালাও মামলাকে ন্যায়বিচারের পরিপন্থী বলে মনে করছেন আইনজীবীরা। তারা বলেন, মামলায় আসামি করার ভয় দেখিয়ে শুধুমাত্র টাকা আদায়ের লক্ষেই কতিপয় গোষ্ঠি এসব করছে। যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থি ও বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার মতো কার্যক্রম।

সম্প্রতি একটি মামলার ‘আসামি হিসেবে’ নাম থাকায় আলোচনায় এসেছেন অন্তর্বতী সরকারের নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রাজধানীর রামপুরা থানায় গত ১৯ অক্টোবর একটি মামলা নথিভুক্ত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরায় গুলিতে নিহত হন সোহান শাহ নামে এক চাকরিজীবী। এই ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর নিহতের মা সুফিয়া বেগম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নালিশি মামলা করেন।

আদালতের নির্দেশে সেই মামলা থানায় রেকর্ড করা হয়। মামলার ৫৭ জন আসামির মধ্যে ৪৯ নম্বর তালিকায় নাম রয়েছে শেখ বশির উদ্দিন ভূঁইয়া নামে একজনের। যার পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি আওয়ামী লীগ নেতা। বাবার নাম শেখ আকিজ উদ্দিন ভূইয়া। নামটি আংশিকভাবে মিলে যায় গত রবিবার অর্ন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হওয়া ব্যবসায়ী শেখ বশিরউদ্দীনের সঙ্গে। এমনকি তার বাবার নামের সঙ্গে আসামি তালিকায় থাকা ‘শেখ বশির উদ্দিন ভূইয়া’র বাবার নামের আংশিক মিল রয়েছে।

এরপরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারী হত্যায় সংশ্লিষ্ট ব্যক্তিকে উপদেষ্টা করা হয়েছে- এমন সমালোচনার ঝড় বইতে থাকে দেশজুড়ে। এই সমালোচনাকে কেন্দ্র করেই উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। মামলার নথি, আসামি, পুলিশ ও বাদীর বক্তব্যে জানা যায়, মামলাটির গুরুত্বপূর্ণ তিন পক্ষের কেউই কাউকে চেনেন না। 

ঢাকা মহানগর পুলিশের রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দেন। সেই মামলায় এজাহারভুক্ত ৪৯ নম্বর আসামি শেখ বশির উদ্দিন ভূইয়া নামে একজন। এই শেখ বশির উদ্দিন ভূইয়া বর্তমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন কী-না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। নামে কিছুটা অসঙ্গতি থাকলেও বাবার নাম ও বাড়ির ঠিকানা একই।’

এ বিষয়ে গত সোমবার প্রথম কর্মদিবসেই সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘আমি খুব ভালো জানি না। আমাদের লিগ্যাল টিম বিষয়টি দেখছে। ওখানে (মামলার এজাহার) আমার নামের, আবার বাবার নামের কিছু সংগতি আছে, কিছু অসঙ্গতি আছে। এটা আসলেই আমি কি না, আমি নিশ্চিত নই। নিশ্চিত হলে লিগ্যালি ফেস (আইনিভাবে মোকাবিলা) করা হবে।’

এ বিষয়ে জানতে চাওয়া হয় মামলার বাদী সুফিয়া বেগমের কাছে। তিনি বলেন, ‘সন্তান হারিয়ে আমি পথে পড়ে গেছি। পাগল প্রায় অবস্থা। এমন সময়ে মোবাইল করে আমাকে ঢাকায় আদালতে যেতে বললে, আমার স্বামী সেকেন্দার শাহের সঙ্গে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর স্বাক্ষর করেছি; কিন্তু ওই মামলায় কারা আসামি, কাদের নাম লেখা আছে সেটি জানা নেই। তবে মামলা যারাই করুক, আমি স্বাক্ষর করেছি। সেখানে যাদের নামই থাকুক, আমি ন্যায়বিচার চাই।’

কারা ডেকে নিয়ে মামলা করিয়েছে জানতে চাইলে মুখ খুলেননি সুফিয়া বেগম। মামলা বাদী আসামি কেউই কাউকে চেনেন না।

তাহলে মামলার নেপথ্য কারিগর-প্রভাবক কে বা কারা? এমন প্রশ্ন ছুড়ে দিলেই মুখে কুলুপ আঁটেন বাদী। শুধু সোহান হত্যা মামলার বাদী সুফিয়াই নন, এমন ঘটনা দেখা গেছে সুপ্রিম কোর্টের জেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার বাদী বাকেরের ক্ষেত্রেও। গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়। ঘটনার প্রায় তিন মাস পর ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের।

এই মামলায় ৯৪ নম্বর নাম জেড আই খান পান্নার। মামলাটির তথ্য জানাজানির পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সমালোচনার মুখে একদিন পরই মামলা থেকে জেড আই খান পান্নার নাম প্রত্যাহারের আবেদন করেন বাদী বাকের।

সেই আবেদনে তিনি লেখেন, ‘উক্ত এজাহারের ৯৪ নম্বর ক্রমিকে বর্ণিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নাকে (৬৫) অজ্ঞতা ও ভুলবশত আসামি করা হয়। ৯৪ নম্বর ক্রমিকে বর্ণিত ব্যক্তিকে বাদ দিয়ে মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করিতে মর্জি হয়।’ কার পরামর্শে এই মামলা ও তাতে জেড আই খান পান্নাকে আসামি করা হয়েছে? এমন প্রশ্নের জবাব দেন নাই বাদি বাকের।

এ ধরনের মামলাগুলোকে ভুয়া হিসেবে অভিহিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এই ধরণের ভুয়া মামলা যারা করছেন তারা সরকার এবং বৈষম্য বিরোধী আন্দোলনকে বিতর্কিত করছে। এসব মামলার মাধ্যমে অনেকেই চাঁদাবাজি করছেন। এমন মামলা দিয়ে মানুষকে হয়রানি করা মোটেও সমীচীন নয়।’

মামলা নেওয়ার আগে পুলিশের প্রতি যাচাই-বাছাইয়ের আহবান জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের মামলা নেওয়ার আগে পুলিশের উচিৎ বাদীসহ অভিযোগের বিষয়ে যাছাই-বাছাই করা। মামলার আসামিদের যাছাই করা। যদি বাদীকে যাছাই-বাছাই করে মামলার সঠিকতা না পাওয়া যায় তাহলে এ ধরনের মামলা নথিভুক্ত করারও কোনো প্রয়োজন নাই। যেহেতু এ ব্যাপারে প্রশ্ন উঠছে যে বাদী আসামিকে চেনে না, আসামি বাদীকে চেনে না। সেহেতু এসব মামলার ক্ষেত্রে বাদীকে জিজ্ঞাসাবাদ করেই মামলা নথিভুক্ত করা উচিৎ। যদি কোর্টে মামলা করতে যায়, তাহলে কোর্টের উচিৎ বাদীকে জিজ্ঞাসাবাদ করে মমলার ব্যাপারে নির্দেশনা দেওয়া। বাদী যদি অভিযোগ ও আসামির ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে মামলা নেওয়া উচিৎ। না দিতে পারলে,এ ধরনের মামলা নেওয়ার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা নাই।’

সার্বিক বিষয়ে কথা হয় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) ইনামুল হক সাগরের সঙ্গে। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘মামলা করার ক্ষেত্রে বাদীর এবং মামলা রেকর্ড করার ক্ষেত্রে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মামলা নেওয়ার ক্ষেত্রে পুলিশের তরফ থেকে অভিযোগ, ঘটনা ও আসামিদের ব্যাপারে বিচার-বিশ্লেষণ করা হয়ে থাকে। যদি পুলিশের তরফ থেকে এক্ষেত্রে কোনো গাফিলতি পাওয়া যায়, তাহলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।’