রবীন্দ্রনাথের বহু কবিতা, গল্প এবং মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ যার তর্জমায় ইংরেজি ভাষাভাষী পাঠকের কাছে পৌঁছে গিয়েছিল অনায়াসে, সেই কবি, গবেষক ও অনুবাদক উইলিয়াম রাদিচে মারা গেছেন। গত সোমবার নর্থ ইংল্যান্ডে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
১৯৫১ সালে জন্ম নেওয়া রাদিচের মা বেটি রাদিচেও ছিলেন ধ্রুপদী ল্যাটিন সাহিত্যকর্মের অনুবাদক ও সম্পাদক। তার পূর্বপুরুষ যুক্তরাজ্যে এসেছিলেন ইতালি থেকে। সত্তরের দশকের গোড়ায় রাদিচে অক্সফোর্ডে ইংরেজি সাহিত্য নিয়ে পড়া শুরু করেন। তার এক বছর আগে তিনি ভারতের একটি স্কুলে শিক্ষকতা করেন, সেই সুবাদে কলকাতা, দিল্লি, বেনারস ও চেন্নাইয়ে ঘুরে বেড়িয়েছেন।
ভারত সফরের আগেই পরিচালক লেখক আঁকিয়ে সত্যজিৎ রায়ের সিনেমা রাদিচের ভেতরে মুগ্ধতা তৈরি করে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ভারতীয় সংস্কৃতির প্রতি তার আগ্রহ ছিল যুবক বয়স থেকেই।’