ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আদালতের এ নির্দেশনা বাস্তবায়ন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট। এ ছাড়া আদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছে হাইকোর্ট। এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে ৬০ দিনের মধ্যে।
এ-সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। গত ৬ নভেম্বর এ রিট আবেদনটি করা হয়।
ব্যারিস্টার মাহিম এম রহমান দেশ রূপান্তরকে বলেন, এ মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৩৫০ মানুষের মৃত্যু হয়েছে। ৭২ হাজার মানুষ ডেঙ্গুজ¦রে আক্রান্ত ডিটেকটেড হয়েছে। এটা সরকারি হিসাবে হলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্বিগুণের বেশি। কিন্তু এটি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, পাশের দেশ ভারতের কলকাতায় নানা পরিকল্পনায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমিয়ে এনেছে। মালয়েশিয়াও এ বিষয়ে চেষ্টা করে সফল হচ্ছে। দেশে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডেঙ্গু বা মশাবাহিত রোগ নিয়ে কাজ করলেও তাদের সঙ্গে সরকারগুলো যোগাযোগ করে না। আগের সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে দৃশ্যমান কাজ করেনি। বর্তমান সরকারের উদ্যোগও এখন পর্যন্ত চোখে পড়ার মতো নয়।