নিলামে যে ১০ ক্রিকেটারে চোখ থাকবে কলকাতার

আইপিএলের মেগা নিলামের বাকি আর মাত্র ১১ দিন। মরুর দেশ সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর বসবে এবারের আসর। সেখানে ১০ ফ্র্যাঞ্চাইজি কিনে নেবেন তাদের পছন্দের ক্রিকেটারদের। ইতোমধ্যে সব দল গুছিয়ে নিয়েছে নিজেদের পরিকল্পনা। সব দল নিজেদের কয়েকজন ক্রিকেটারকে ধরে রেখেছে। ছেড়ে দিয়েছে পুরনোদের অনেককেই।  

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও এবার নিজেদের বেশ গুছিয়ে নিয়েছে। ইতোমধ্যে তাদের ‘মাস্টার প্ল্যান’ও নাকি তৈরি। দলটির নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় একটি গণমাধ্যমকে। কোন কোন ক্রিকেটারকে তারা নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির ভক্তদের। চলুন তবে দেখে নেওয়া যাক কেকেআরের পরিকল্পনায় থাকতে পারে কোন ১০ তারকা।

ভেঙ্কটেশ আইয়ার: কলকাতা আবার ভেঙ্কটেশ আইয়ারকে আইপিএল নিলামে কিনতে পারে। টুর্নামেন্টের গত আসরে তিনি মিডল অর্ডারে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ২০২১ সাল থেকে কেকেআরে ছিলেন তিনি। নাইটদের আইপিএল ইতিহাসে দ্বিতীয় শতরানকারী তিনি। তার ব্যাটিং-বোলিং দক্ষতার জন্যই ফের তার জন্য নিলামে ঝাঁপাতে পারে কেকেআর।

ফিল সল্ট: গত আসরেও কেকেআরের টপ অর্ডারে ফিল সল্ট দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তার আক্রমণাত্মক ব্যাটিং কেকেআরের ওপেনিংয়ের সমস্যা দূর করেছিল। ৪০০-র বেশি রান করেছিল তারকা ইংলিশ ব্যাটার। তাকে রিটেন না করলেও ফের নিলামে সল্টের জন্য দর হাকাতে পারে কেকেআর।

ইশান কিশান: কেকেআরের যদি একজন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রয়োজন হয়, তাহলে ইশান কিষান হতে পারেন দারুণ বিকল্প। তার বিস্ফোরক ব্যাটিং এবং উইকেট কিপিং দক্ষতা দলকে শক্তিশালী করতে পারে। এমনকি কেকেআরের অধিনায়ক হিসেবে বিকল্প হতে পারেন ঈশান কিশান।

জস বাটলার: নিলামে কেকেআর টার্গেট করতে পারে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ও তারকা ব্যাটার জস বাটলারকে। রাজস্থানের হয়ে দুরন্ত পারফর্ম করলেও তাকে রিটেন করেনি। এবার নিলামে নিজেদের অধিনায়ক সমস্যা দূর করতে জস বাটলার সেরা বিকল্প হতে পারে নাইটদের।

আর্শদীপ সিং: বোলিং অ্যাটাককে শক্তিশালী করার ক্ষেত্রে সবসময় অলআউট ঝাঁপায় কেকেআর। এবার একজন টি-টোয়েন্টি স্পেশালিস্ট, বিশেষ করে ডেথ ওভারে দলকে সার্ভিস দিতে পারে এমন কাওকে খুঁজছে কেকেআর। ফলে ভারতীয় বাঁ হাতি পেসার আর্শদীপ সিংও রয়েছে কেকেআরের রাডারে।

নীতিশ রানা: ২০১৮ সাল থেকে কেকেআরের ছিলেন নীতিশ রানা। প্রায় প্রতি বছর ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন তিনি। ২০২৩ সালে অধিনাকত্বও করেছেন রানা। নিজেদের কোর টিমকে ধরে রাখতে ফের রানার জন্য বিড করতে পারে নাইটরা।

দীপক হুদা: ভারতীয় মারকাটারি ব্যাটার হিসেবে দীপক হুদাও টার্গেট হতে পারে কেকেআরের। আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করার রেকর্ড রয়েছে তার। দল রিটেন না করলেও কেকেআরের জন্য ভাল বিকল্প হতে পারে কেকেআর।

রিশাভ পান্থ: এবার আইপিএল নিলামে সবথেকে দাম পেতে পারেন যে ক্রিকেটাররা তাদের মধ্যে অন্যতম রিশাভ পান্থ। কেকেআরের পার্সে ৫১ কোটি টাকা রয়েছে। পান্থের দাম উঠতে পারে ২০ থেকে ২৫ কোটি। ফলে পার্স সঙ্গ না দিলেও পান্থকে নেওয়ার একটা চেষ্টা করতে পারে কেকেআর।

ওয়াশিংটন সুন্দর: কেকেআরের তালিকায় থাকতে পারে ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের নাম। হায়দরাবাদ তাকে রিটেন করেনি। কেকেআরে ভাল অফ স্পিনার দরকার। ব্যাটিং দক্ষতাও যথেষ্ট ভারতীয় তারকার।

আংক্রিশ রঘুবংশী: গতবার কেকেআরে ছিলেন রঘুবংশী। কয়েকটি ম্যাচে তার ব্যাটিং নজর কেড়েছিল। এবারও আনক্যাপড প্লেয়ার হিসেবে তাকে রাখার সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। তবে নিলামে ফের রঘুবংশীকে টার্গেট করতে পারে কেকেআর।