ময়মনসিংহে ২৫ কিমি ম্যারাথন দৌঁড় শুক্রবার

ন্যায়ের জন্য দৌঁড় এই প্রতিপাদ্যে আগামী শুক্রবার ময়মনসিংহ ২৫ কিলোমিটার ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে এই ম্যারাথন দৌঁড়ের আয়োজন করছে ময়মনসিংহ ট্রাইঅ্যাথলেটস নামে একটি সংগঠন। ম্যারাথন দৌঁড় ও শিশু-কিশোর ও তরুণদের আড্ডা সফল করতে অনুষ্ঠানে যুক্ত হবেন দেশ সেরা অ্যাথলেটস, এভারেস্ট জয়ী ও আল্ট্রা রানার বাবর আলী, আরিফুর রহমান বেলাল ও লুৎফর রহামান। তরুণদের খেলাধুলা ও ম্যারাথনে উৎসাহিত করতে আড্ডায় তুলে ধরবেন তাদের বিজয় কাহিনী।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি খায়রুল আলম তুহিন। এ সময় সংগঠনের সহ-সভাপতি সাঈদ হাসান মিঠুন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সহ সাধারণ সম্পাদক আশরুফুল ইসলাম ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

দুটি ক্যাটাগরিতে শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫টা থেকে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ১২ বছর থেকে সাড়ে ৭ কিলোমিটার এবং ১৮ বছর তদুর্ধ ২৫ কিলোমিটার। সাড়ে ৭ কিলোমিটার ম্যারাথনটি নগরীর জয়নুল আবেদীন উদ্যান থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেআর মার্কেট ঘুরে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ গিয়ে শেষ হবে। 

অন্যদিকে ২৫ কিলোমিটার ম্যারাথনটি একই জায়গা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক এবং সুতিয়াখালী বাজার, ভাবখালী বাজার এবং কাঁচারী বাজার প্রদক্ষিণ করে অতিক্রম করে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ গিয়ে শেষ হবে।

তারা জানান, এ উপলক্ষে বুধবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর জয়নুল আবেদীন উদ্যান স্কেটিং ক্লাবে শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা এবং ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে রেইস কিট প্রদান করা হবে।

এই ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে পাঠকপ্রিয় সংবাদপত্র দৈনিক দেশ রূপান্তর।