খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০১৬ সালে তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলার কার্যক্রম বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

এ মামলার তিন নম্বরে নাম থাকা চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ  এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইশরাক আহমেদ সিদ্দিকী। সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট আজমল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম উদ্দিন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে বিএনপির সাবেক নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদের নামে থাকা ফেসবুক পেইজ থেকে শেখ হাসিনাকে হত‌্যার হুমকিসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গ করা হয়। এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক নেতা ওই বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামের একটি আদালতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর (সংশোধিত ২০১৩) ৫৭ ধারায় খালেদা জিয়া, তারেক রহমান ও ইরাদ আহমেদবে আসামি করে একটি মামলা করেন।

অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে ২০১৭ সালের ৫ জুন হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ ও রুল দেন। আজ সেই রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করলেন।