আর্জেন্টিনা জাতীয় দলের বিতর্কিত কোচ ছিলেন হোর্হে সাম্পাওলি। খেলোয়াড়দের সঙ্গে বিবাদে তার জার্নিটা সুখকর হয়নি। ফ্ল্যামেঙ্গো থেকে আর্জেন্টিনার সাবেক এই কোচ এবার দায়িত্ব পেয়েছেন ফরাসি লিগ ওয়ানডের ক্লাব স্টেড রেনের প্রধান কোচের। প্রথম সংবাদ সম্মেলনেই যেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি তার পুরনো রাগ ফুটবে উঠল।
ফরাসি লিগের উচ্ছসিত প্রশংসা করে সাম্পাওলি বলেছেন, ‘আমি অবশ্যই লিগ ওয়ানের প্রশংসা করি। মার্সেই ছেড়ে যাওয়ার পরও আমি এই লিগে নজর রেখেছি। দলগুলো যেভাবে কাজ করে এবং তাদের পরিবর্তনগুলো আমার বেশ ভালো লাগে। তারা এই চ্যাম্পিয়নশিপের উন্নতি অব্যাহত রেখেছে । সেইসঙ্গে ব্রাজিল এবং ফ্রান্সের বিশ্বসেরা তারকারা এই লিগে খেলে।’
আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিও দুই মৌসুম কাটিয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে। কিন্তু সাম্পাওলি নিজ দেশের নাম না নেওয়ায় বেশ সরস আলোচনা তৈরি হয়েছে। ২০১৬ সালে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন সাম্পাওলি। ২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে আর্জেন্টিনা বিদায় নেওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছিল। এরপর লিওনেল স্কালোনি দায়িত্ব নিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপসহ একের পর এক সাফল্য এনে দেন।
এবার নতুন দায়িত্ব নিয়ে নিজের একটি সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন সাম্পাওলি, ‘আমি যে ক্লাবগুলোতে কাজ করেছি, তাদের তুলনায় আমার নিজের স্ট্যান্ডার্ড অনেক বেশি। আমি বুঝতে পেরেছি যে, আমার এসব উচ্চাকাঙ্খা আসলে বাড়াবাড়ি এবং সম্ভবত প্রাপ্য নয়। আমি যদি রেনেতে লম্বা সময় দায়িত্ব পালন করতে চাই, তাহলে আমার এই দিকটি আরও উন্নত করতে হবে।’