বরিশাল নগরীর পলাশপুর দুই হাজার ১শ’ ৫০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে র্যাব। এ সময় মো. আক্কাস হাওলাদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) র্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, র্যাব গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে পলাশপুরের গুচ্ছগ্রাম এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন মজুদ করা হয়েছে। এরপর মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে র্যাব-৮ এর সদর কোম্পানি ও পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাজী সাইফ উদ্দিন।
গ্রেপ্তারকৃত আক্কাসের দেওয়া তথ্যমতে, ৩৫টি বস্তা ভর্তি ২ হাজার ১শ’ ৫০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬ এর ‘ক’ লঙ্ঘনের অভিযোগে বরিশাল কাউনিয়া থানায় মামলা রুজু করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।