তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করেছে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার বা বিরোধী দল- যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে। বিএনপি সব সময় জনগণের পাশে থাকে।

আজ বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঢেউটিন প্রদানকালে তিনি এসব কথা বলেন। এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৪ পরিবারের মাঝে ঢেউটিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, গতানুগতিক রাজনীতির বাহিরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করেছে। সাম্প্রতিক বন্যা চলাকালে দলীয় ত্রাণ তৎপরতায় তারেক রহমানের তদারকির কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা নিজেরা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তারেক রহমানের নির্দেশে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। পানিবন্দি শিশু, নারী, পুরুষ উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসাসহ তাদের খাদ্যের ব্যবস্থা করেছে। জীবনের ঝুঁকি নিয়ে বুক সমান পানি মাড়িয়ে নেতাকর্মীরা দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা করেছে।

তিনি বলেন, দেশের অর্থনীতিকে আওয়ামী লীগ দুর্নীতি-লুটপাট করে ধ্বংস করেছে। তারপরও আমরা সরকারের প্রতি আহ্বান জানাব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

তিনি আরো বলেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। বর্তমান সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বিএনপি সরকারকে সমর্থন করছে। কিন্তু জনগণের দুঃখ-দুর্দশার সময় সরকার যদি হবে তাদের পাশে না দাঁড়াতে পারে, তাহলে জনগণের দুর্দশার শেষ থাকবে না। বিএনপি ক্ষমতায় গেলে অবহেলিত হালুয়াঘাট, ধোবাউড়াকে আলোকিত জনপদে পরিণত করা হবে।

এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, টিন প্রাপ্তদের মধ্যে যুগলী ইউনিয়নের নও মুসলিম মো. আব্দুল্লাহ, ধারা ইউনিয়নের ফজর আলী, গাজিরভিটা ইউনিয়নের আনোয়ার হোসেন।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সফস্য আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, চেয়ারম্যান শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, আব্দুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান,তারিকুল ইসলাম চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।