সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা জানালেন ফারুকী

অমর একুশে বইমেলা-২০২৫ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, বইমেলা যেখানে হতো সেখানেই হবে। ইতিমধ্যে তিন মন্ত্রণালয় একসঙ্গে কাজ শুরু করছে। গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা।

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, বইমেলা বিষয়ে পূর্ত উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। আমাদের সচিব আলোচনা করেছেন। এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, ওই মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছেন। আমরা একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যাচ্ছি। আশা করা যায় বইমেলা যেখানে হতো সেখানেই হবে। কোনো ধরনের ঝামেলা হবে না। সুন্দর আয়োজনেই হবে।

এর আগে গত ৬ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলা একাডেমিকে চিঠি দিয়ে বলেছে, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই ‘অমর একুশে বইমেলা-২০২৫ আয়োজন করতে হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এমন চিঠি প্রদানের পর আগামী বইমেলা নিয়ে অনেকটা শঙ্কায় পড়েন পাঠক-প্রকাশকরা।