কাকরাইল মসজিদ নিয়ে সংঘাতের শঙ্কায় সাদপন্থিরা

কাকরাইল মার্কাজ (তাবলিগ-জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়) সম্পূর্ণভাবে নিজামুদ্দীনের অনুসারীদের হাতে বুঝিয়ে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘জুবায়েরপন্থিদের মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। দাওয়াত ও তাবলিগের উলামায়ে কেরাম এবং সাথীদের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা কাকরাইল মসজিদ নিয়ে সংঘাতের আশঙ্কার কথা জানান।  তাদের দাবি, তাবলিগ-জামাতের বিবাদমান দ্বন্দ্বের পর থেকে গত সাত বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জুবায়েরপন্থিরা চার সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিগত সরকারের এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিলেন সাদপন্থিরা। এখন জুবায়েরপন্থিরা পুরো কাকরাইল মসজিদে ১৫ নভেম্বর থেকে অবস্থান নিতে চান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাকরাইল মার্কাজের ইমাম মুহাম্মাদ আযীমুদ্দীন।