ঠাকুরগাঁওয়ে ফখরুল

কাকে উপদেষ্টা বানাবেন এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কাকে উপদেষ্টা বানাবেন বা বানাবেন নাÑ এটা সম্পূর্ণ দায়িত্ব প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের। তবে নির্দিষ্ট বিধান না থাকলেও উপদেষ্টা যাদের নেবেন, তারা যাতে বিতর্কিত না হন, সেদিকে খেয়াল রাখতে আমি অনুরোধ করব।’ গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে তিনি এ কথা বলেন।

‘ফ্যাসিবাদের প্রধান’ ভারতে অবস্থান করছেন আর দেশটিতে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে উল্লেখ করে  মির্জা ফখরুল বলেন, ‘অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। কারণ বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ দেয়নি।’

আওয়ামী লীগের ব্যাপারে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বা আওয়ামী লীগ যে কাজটা ভালোভাবে করেছে, সেটা হলো জাতিকে বিভক্ত করা। এই বিভক্তি দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন, সাবেক সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।