২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে স্থানীয় দর্শকদের কাউকে আর্জেন্টিনার জার্সি গায়ে গ্যালারিতে ঢুকতে দেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। ঘরের মাঠে শতভাগ নিজেদের সমর্থন রাখার জন্যই তাদের এই সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। তবে লিওনেল মেসির জনপ্রিয়তার সামনে এসব নিষেধাজ্ঞা টিকবে না বলে ধারণা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির।
প্যারাগুয়ের আসুনসিওনে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপক ফের্নান্দো ভিয়াসবোয়া বলেছেন, ‘আমাদের দলের জার্সি ছাড়া অন্য কোনো শার্ট পরে ঢোকার অনুমতি আমরা দেব না। মেসির সঙ্গে কোনো সমস্যা নেই। সব ফুটবলারের ক্যারিয়ারকে সম্মান করি আমরা। কিন্তু এখানে মূল ব্যাপারটি হলো, ঘরের মাঠ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
বিষয়টি নিয়ে প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো বলেছেন, ‘জার্সি নিষিদ্ধ করা নিয়ে আমার কিছু করার নেই। এটা নিয়ে কোনো ধারণাই নেই আমার। আমার ধারণা, সম্ভাব্য সংঘর্ষের মাত্রা কমানোর জন্য এটা করা হতে পারে। মেসি কালকে আমাদের প্রতিপক্ষ। পেরুর বিপক্ষে পরের ম্যাচের জন্য তাকে শুভকামনা জানাই যে, জীবনের সেরা ম্যাচটি খেলুক, কিন্তু কালকে নয়।’
অন্যদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মনে করেন, বিশ্বজুড়ে মেসির যে জনপ্রিয়তা, তাতে এসব নিষেধাজ্ঞা টিকবে না। তার ভাষায়, ‘যৌক্তিকভাবে চিন্তা করলে প্যারাগুয়ের সমর্থকরা তাদের ফুটবলারদের জন্য নিজেদের জাতীয় দলের জার্সিই পরতে চাইবে। তবে লিও তো এসবের চেয়েও শক্তিশালী এবং অবশ্যই সেখানে (গ্যালারিতে) আর্জেন্টিনার জার্সি থাকবেই। এর মানে এই নয় যে তারা প্যারাগুয়েকে সমর্থন করেন না। তবে ফুটবলের লোকেরা যখন লিওকে স্বীকৃতি দেয়, এটা খেলাটির জন্যই ভালো। কেবল জার্সি গায়ে চাপালেই কেউ আর্জেন্টিনার ভক্ত হয়ে যায় না।’