সুচিকিৎসা নিশ্চিতসহ বেশ কিছু দাবি নিয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের উদ্দেশ্য রওনা হয়েছেন ৪টি অ্যাম্বুল্যান্সে করে ২০ সদস্যের প্রতিনিধি।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৫৫ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে বেলা সাড়ে ৩টায় সচিবালয়ে সরকারের স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসবে প্রতিনিধি দলটি।
এর আগে উন্নত চিকিৎসা ও সরকারের থেকে কোনও সহযোগিতা না পাওয়ায় প্রতিবাদ জানিয়ে পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে ভোর রাত পর্যন্ত বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণ করা ব্যক্তিরা। সরকারের চার উপদেষ্টাকে সময় বেঁধে দিয়ে বিক্ষোভ করলে রাত ২টার সময় আসিফ নজরুলসহ ৪ উপদেষ্টা এসে কথা বলে সচিবালয়ে বৈঠকের আমন্ত্রণ জানান। পরে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সড়ক ছেড়ে হাসপাতালে চলে যান আহত বিক্ষোভকারীরা।
বুধবার রাত ১০টার দিকে আহতদের সঙ্গে দেখা করতে যান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি সেখানে থেকেই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করেন। সেই সঙ্গে সমস্যা সমাধানে ব্যবস্থা নিতেও বলতে শোনা যায় তাকে।
এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার বৈঠকে যাদের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে তাদের সেই ব্যবস্থাসহ পুনর্বাসনের দাবি উঠেছে। যদিও এই ব্যবস্থা নিতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে গণমাধ্যমকে আগেই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
বৈঠকে অংশ নিতে যাওয়া প্রতিনিধিদের বক্তব্য জানতে চাইলে তারা দেশ রূপান্তরকে বলেন, বৈঠক শেষে আমরা আমাদের অবস্থান এবং কী আলোচনা হয়েছে সেটি জানাব।