স্ত্রীর সঙ্গে কলহ, ফেসবুকে পোস্ট দিয়ে স্বামীর আত্মহত্যা

নরসিংদীতে দাম্পত্য কলহের জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন মো. সাইদুর রহমান রহিদ (৩৬) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার পুরাতনপাড়া রেল ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শহীদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। ওই সময় তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে এসে চট্টগ্রাম যাচ্ছিল। 

নিহত সাইদুর ঢাকা দক্ষিণ কাফরুল এলাকার মো. ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করতেন। ৭ বছর আগে তিনি নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার রহমান মুন্সীর মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে তহুরা তার বাবার বাড়িতে চলে আসেন। বুধবার স্ত্রীকে নিতে নরসিংদী আসেন স্বামী সাইদুর। কিন্তু স্ত্রী তার সঙ্গে যেতে রাজি হয়নি স্ত্রী। এরপর স্ত্রী ও তার ভাইদের জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাত সাড়ে ১২টার দিকে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বাবু। পরে দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

নিহতের ভাই লুতফুর রহমান বলেন, স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে আমার ভাই আত্মহত্যা করেছে। তিনি সেটা ফেসবুক স্ট্যাটাসে লিখে গেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছি।

নরসিংদী রেলওয়ে ইনচার্জ মো. শহীদুল্লাহ্ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগে ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।