অগ্নিকাণ্ডে পাটের বস্তার গোডাউনসহ ১০ দোকান পুড়ে ছাই

খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর বড়বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টা ২০মিনিটের দিকে স্টেশন রোডের বার্মাশীল এলাকার মেসার্স আহসান উল্লাহ নামের একটি পাটের বস্তার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী সাইফুল ইসলামের গোডাউনসহ আরও ৮-৯টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে কোটি কোটি টাকার মালামাল পুড়োমবচা গেছে। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এদিকে আগুন লাগার পর বিদ্যুৎ বিভাগ ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। আগুন লাগার খবর পেয়ে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন।