স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যাকে বেছে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি জানান নতুন প্রেসিডেন্ট। খবর: বিবিসি

ট্রাম্প বলেন, ‘রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবার মন্ত্রী হিসেবে ঘোষণা করতে পেরে আমি রোমাঞ্চিত। অনেক দিন ধরে, আমেরিকানরা ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর দ্বারা পিষ্ট হয়েছে, যারা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তিতে জড়িত ছিল।’

যদিও মার্কিন স্বাস্থ্য খাতে কেনেডি জুনিয়র একজন বিতর্কিত ব্যক্তিত্ব। বিশেষ করে টিকার বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত।

২০১৯ সালের এক সমীক্ষায় জানা যায়, কেনেডির সংস্থাটি টিকা-সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো ফেসবুক বিজ্ঞাপনের দুটি প্রাথমিক তহবিল দাতাদের মধ্যে একটি।

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডির নিয়োগ নিশ্চিত হলে, তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রসহ প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোর তত্ত্বাবধান করবেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র। পেশায় পরিবেশবাদী আইনজীবী তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন কেনেডি জুনিয়র। আবার তার পরিবারের অধিকাংশ সদস্যকেই তার ভ্যাক্সিনবিরোধী দৃষ্টিভঙ্গি ও ষড়যন্ত্র তত্ত্বের বিরুদ্ধে কথা বলতে ও জো বাইডেনের পুনর্নির্বাচনকে সমর্থন বলে জানা যায়।