ফিফা র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ পিছিয়ে থাকা ভেনেজুয়েলাকে হারাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার ভোর রাতে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ ড্র হয়েছে। পেনাল্টি মিস করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপরও দলের পারফর্মেন্সে অখুশি নন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। একইসঙ্গে তিনি ভাগ্যের সহায়তাও চেয়েছেন।
ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, ‘ছেলেদের পারফর্মেন্সে আমি সন্তুষ্ট। সবসময়ই তাদের এভাবে খেলতে বলি। আমরা ক্রমাগত প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে গেছি, যা ব্রাজিলিয়ান ফুটবলের বৈশিষ্ট্য। আজকের ম্যাচে আমাদের ফিনিশিংয়ে ঘাটতি ছিল। সবকিছু বিবেচনার পর বলা যায় যে, আমরা আরও একটু ভাগ্যের সহায়তা পেতে পারতাম। তবে এটি একটি উপভোগ্য ম্যাচ ছিল।’
ম্যাচের ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনহার দর্শনীয় গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩৮ সেকেন্ডের মাথায় বক্সের মাথা থেকে জোরাল শটে ম্যাচে সমতা ফেরান মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া। ব্রাজিল ৬০ শতাংশ সময় বল দখলে রেখেও জিততে পারেনি। ভেনেজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। কিন্তু ভিনির পেনাল্টি শট ঠেকিয়ে দেন রোমো!
গোলমুখে এই ব্যর্থতা নিয়ে কথা বলেছেন ব্রাজিল কোচও, ‘আমরা আসলে গোলের সঠিক মুহূর্তে মারাত্মক ভুল করেছিলাম। কিন্তু দল নিরাপদেই ছিল। ম্যাচটি সবাই উপভোগ করেছে। দুই দলের কাছেই মাঝমাঠের খেলাই প্রাধান্য পেয়েছিল। আশা করি আমাদের এই উন্নতির ধারা অব্যাহত থাকবে।