মেসিদের কোচ হচ্ছেন জাভি?

মেজর লিগ সকার কাপের প্লে-অফে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে শিরোপা স্বপ্ন ধুলিস্যাত। তার আগে বিদায় লিগস কাপ ও ইউএস ওপেন কাপ থেকেও বিদায় নিয়েছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। এই ব্যর্থতার বৃত্তে থাকায় দলটির আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনোর ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। দল প্রত্যাশা পূরণ করতে না পারায় ফ্লোরিডায় তার থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি তাকে সরিয়ে নতুন কোচ নিয়ে আসার চেষ্টাও নাকি শুরু করে দিয়েছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি।

কিন্তু প্রশ্ন হচ্ছে, কে হতে যাচ্ছেন মায়ামির পরবর্তী কোচ? কার মাঝে লিগস কাপের শিরোপা পুনরুদ্ধার, এমএলএস জয়ের স্বপ্ন পূরণ ও ইউএস ওপেন জয়ের ভরসা রাখছেন ডেভিড বেকহ্যামরা?

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল ক্র্যাক ডেপোর্টিভো তাদের এক প্রতিবেদনে দিয়েছে সেই জবাব। তাদের দাবি, মার্টিনোকে সরিয়ে বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে আনার সম্ভাবনা রয়েছে। ডেভিড বেকহ্যাম সেই কোচকে নিয়োগ করবেন, যিনি একসময় একটি অজেয় মৌসুম পরিচালনা করেছেন। যদি এই নিয়োগ বাস্তবে রূপ নেয়, তবে লিওনেল মেসি খুশি হবেন বলে মনে করা হচ্ছে।

মেসি ও জাভির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তারা বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন এবং বহু শিরোপা জয় করেছেন। ২০২১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘জাভির অধীনে বার্সেলোনা আরও উন্নতি করবে। তিনি ক্লাবের ঘরোয়া পরিবেশকে ভালোভাবে জানেন।’

সেই কথা বাস্তব প্রমাণিত হয়, কারণ জাভির অধীনে বার্সেলোনা ২০২৩ সালে লা লিগা জয় করে, যা তার কোচিং দক্ষতার উৎকৃষ্ট উদাহরণ। এটি ইঙ্গিত করছে, জাভি যদি মার্টিনোর জায়গায় ইন্টার মায়ামির দায়িত্ব নেন, তবে তা মেসির জন্য একটি আনন্দের খবর হতে পারে। ইন্টার মায়ামির জন্য জাভির যোগদান দলকে কৌশলগত ও মানসিকভাবে শক্তিশালী করে তুলবে বলে মনে করা হচ্ছে, এবং এর ফলে মেসিরও খেলার মধ্যে আরও স্বাধীনতা ও আত্মবিশ্বাস পাওয়া সম্ভব হবে।

বার্সেলোনায় যোগ দেওয়ার আগে জাভি কাতারের আল-সাদ ক্লাবের কোচ ছিলেন। সেখানে ২০২১-২২ মৌসুমে তার নেতৃত্বে দলটি ২২টি ম্যাচের মধ্যে ১৯টিতে জয় এবং ৩টিতে ড্র করে, ৭৭টি গোল করে এবং মাত্র ১৪টি গোল খেয়ে মৌসুমটি অজেয়ভাবে শেষ করে। এই সাফল্য যদি মার্টিনোর স্থলাভিষিক্ত হয়ে জাভি ইন্টার মায়ামির কোচ হিসেবে যোগ দেন, তবে তা সমর্থকদের মাঝে আত্মবিশ্বাস যোগাবে।