‘আইসিসি সবসময় ভারতের পাশেই থাকবে’

আয়োজক হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পাকিস্তান। কারণ, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না। তাদের ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজন করা হোক। এই নিয়ে দুই বোর্ডের মাঝে তুলকালাম চলছে। বিপাকে পড়েছে আইসিসি। তবে নাজাম শেঠী মনে করেন, আইসিসি সবসময় ভারতের পাশেই থাকবে।

রাজনৈতিক কারণে ২০০৮ সালের পর পাকিস্তানের মাটিতে খেলেনি ভারত। গত বছর ভারতের চাপে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। কিন্তু দীর্ঘদিন পর একটি আইসিসি ইভেন্ট পেয়ে পাকিস্তান এত সহজে নত হতে চাচ্ছে না। এমন কথাও শোনা যাচ্ছে যে, ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় পাকিস্তান। আবার হাইব্রিড মডেলে আয়োজন করলে পাকিস্তান তাতে অংশ না নেওয়ার হুমকিও দিয়েছে।পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী।

পিসিবির এসব অবস্থান পছন্দ হচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠীর। ‘সামা টিভি’কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ, ‘এটা মনে রাখতে হবে যে, আইসিসি সবসময় ভারতের পাশেই থাকবে। এখন যদি তারা দুবাইয়ে টুর্নামেন্ট সরিয়ে নেয় এবং পাকিস্তান যদি অংশগ্রহণ না করে, তাহলে ক্ষতিটা হবে পাকিস্তানেরই। কারণ, আইসিসির লভ্যাংশের সবচেয়ে বড় অংশটা পায় ভারত। আর পাকিস্তান পায় চতুর্থ বড় অংশটি।’

নাজাম শেঠী আরও বলেন, ‘ভারত খুব ধনী ক্রিকেট বোর্ড। তাদের রাজস্ব কিছুটা কমে গেলে কিছু যায় আসে না, কিন্তু পাকিস্তানের যায় আসে। এখন যদি আপনি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নেন, তাহলে আপনি আইসিসি ইভেন্ট থেকে নিজেদের সরিয়ে নিলেন। ভবিষ্যতেও হয়তো আইসিসি ইভেন্টে অংশ নেওয়া সহজ হবে না। মূলত পিসিবি নিজেদের আইসিসি থেকে দূরে ঠেলে দিচ্ছে। যারা এসব সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের ভাবা উচিত এর পেছনে যুক্তি কী? স্রেফ ভারত বয়কটের জন্য আবেগের বশবর্তী হয়ে কোনোকিছু করা ঠিক নয়।’