অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

কোনোরকমে রাষ্ট্র চালিয়ে নিতে সংবিধান সংশোধন করা যেতে পারে

বাংলা একাডেমির সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, কোনোরকমে রাষ্ট্র ও রাজনীতি চালিয়ে নিতে বর্তমান সংবিধান সংশোধন করা যেতে পারে। তবে জনগণের সংবিধান চাইলে ভবিষ্যতে নতুন করে তা লিখতে হবে। আবেগ নয়, যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করতে হবে। তা না হলে নতুন নতুন বিভ্রান্তি তৈরি হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান’ শীর্ষক সিম্পোজিয়ামে এ কথা বলেন তিনি। সিটিজেন পাওয়ার নামে একটি সংগঠন এই সিম্পোজিয়ামের আয়োজন করে।

আবুল কাসেম ফজলুল হক একটি পুরোনো ইঞ্জিন ও যন্ত্রপাতি দিয়ে চলা গাড়ির উদাহরণ দিয়ে বলেন, আপনি চট্টগ্রামে যাচ্ছেন। যেকোনো সময় পথে গাড়ি বিকল হবে। মাঝপথে সারাই করে গাড়িটি সচল করে গন্তব্যে পৌঁছাতে হবে। সংবিধানের সংশোধনটা এমনই। ভবিষ্যতে পরিপূর্ণ সংবিধান তৈরি করতে হলে পুনরায় লিখতে হবে।

সিম্পোজিয়ামে বর্তমান সংবিধানের নানা অসংগতি, ঘাটতি ও কী কী সংযোজন করা যায়, সে বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ বসিরুল হক সিনহা ও মাসুদ জাকারিয়া। প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত মর্যাদা, নিরাপত্তা, ন্যায়বিচার, শিক্ষা ও কর্মসংস্থান লাভের অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে নতুন সংবিধানে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয় প্রবন্ধে। এ ছাড়া বাক্‌স্বাধীনতা, ভিন্নমত ও প্রতিবাদ জানানোর অধিকার নিশ্চিত করার কথাও বলা হয়।