সংস্কারকাজ শেষ করে নির্বাচন দেব : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন বলেছেন, ‘মাতৃভূমির সম্পদ যারা লুট করেছে, তারা দেশ প্রেমিক হতে পারে না, তাদের বিচার এ দেশেই হবে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, তাদের জন্য আমরা পথ সুগম করতে সংস্কার করছি। সংস্কারকাজ শেষ করে নির্বাচন দেব। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব। দেশের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে ছাত্রদের ওপর।

গতকাল শুক্রবার বাদ মাগরিব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী বার্ষিক ইসলামি জোড় সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাদানীনগর মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফয়জুল্লাহর পরিচালনায় সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, ‘ইসলামবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে পারে, এরকম আলেম লাখ লাখ প্রয়োজন। ওলামায়ে কেরামদের খেদমত এ জাতি কখনো ভুলতে পারবে না। এমন আয়না তৈরি করতে হবে, যেন পাথর ভেঙে যায়। দুনিয়ার রোগ ভালো করে ডাক্তার আর মনের রোগ ভালো করতে পারে আলেম ওলামারা। ওয়াজ নসিয়তের মাধ্যমে দেশে মাদক, জুয়া, চাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকান্ড কমছে।’

তিনি বলেন, ‘ক্ষমতার জন্য মানুষ পাগল। ক্ষমতার জন্য কোটি কোটি টাকা খরচ করে। এখন আমরা ক্ষমতায়। আমরা এখন কারবালার ময়দানে আছি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকার বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক, মাদানীনগর মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা খালেদ সাইফুল্লাহ বিভিন্ন ওলামায়ে কেরাম।  

এর আগে ধর্ম উপদেষ্টা বিকেলে সিদ্ধিরগঞ্জের পূর্ব বাঘমারা এলাকায় বায়তুর রহমান জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। পরে তার একান্ত সচিব আশিকুল ইসলামের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।