পোষ্য কোটা বাতিল দাবি

আশ্বাসে অনশন ভাঙলেন রাবি শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে আমরণ অনশন শুরু করেন তারা। প্রায় ১৮ ঘণ্টা পর গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের আশ্বাসে জুস এবং বিস্কুট খেয়ে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী প্রথমে অনশন শুরু করেন। এরপর ক্রমান্বয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে অংশ নেন। এরপর সেখানে অন্তত নয়জন শিক্ষার্থী সারা রাত অবস্থান করেন। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে গতকাল সকালে বেশকিছু শিক্ষার্থী অনশনে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ প্রশাসনের কয়েক জন কর্তাব্যক্তি কয়েক দফা কথা বলতে এলেও শিক্ষার্থীরা দাবির বিষয়ে অনড় থাকেন। এরপর গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের আশ্বাসে শিক্ষার্থীরা অনশন ভাঙেন।

শিক্ষার্থীরা জানন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা তাদের সঙ্গে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে, একটা রিভিউ কমিটি তাদের সঙ্গে বসে সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তাই আপাতত তারা অনশন স্থগিত করছেন।

অনশনের বসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর সব জায়গায় সংস্কার ও নতুন করে চিন্তা করার দরজা উন্মুক্ত হয়েছে। নতুন বাস্তবতায় কোটা রাখার সুযোগ নেই। ভর্তি পরীক্ষা কমিটির সভায় ৩ শতাংশ পোষ্য কোটা রাখার পক্ষে ৮০-৯০ শতাংশ স্টেকহোল্ডার মতামত দিয়েছেন। সেখানে আমার অবস্থান জানিয়ে তাদের বলেছি, এটি রাখার পক্ষে সুস্পষ্ট কোনো যুক্তি আমার কাছে নেই।’

তিনি আরও বলেন, ‘নিয়ম ও যুক্তির মধ্যে দিয়ে এটা সমাধান করতে হবে। সর্বোচ্চ সহানুভূতি ও বিবেচনা দিয়ে একটা রিভিউ কমিটি তোমাদের সঙ্গে বসবেন এবং তোমাদের কথা শুনবেন। সেখানে তোমরা তোমাদের দাবি, সমস্যা ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরবে। শিক্ষক ও বেশকিছু কর্মকর্তা আছেন, যাদের জন্য পোষ্য কোটা মানায় না। আবার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা একেবারে নিম্ন আয়ের, জীবন নিয়ে সংগ্রাম করে, যদি সুযোগ থাকে এসব বিষয়ও উঠে আসবে আলোচনায়। তোমরা অনশন ভাঙবে এজন্য যে তোমরা যেটা চাচ্ছ, সেটা করার জন্য আমাদের সব চেষ্টা শুরু হয়ে গেছে।’