তাবলিগ জামাতের চিল্লায় যাওয়ার উদ্দেশ্যে ঢাকার কাকরাইল মসজিদে যাওয়ার পথে শাহবাগ এলাকায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম জিনু শেখ (৬৫)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত জিনু শেখ সোনা হাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া গ্রামের বাসিন্দা।
জিনু শেখের প্রতিবেশী আবু তালেব নামে এক সাথী বলেন, কুড়িগ্রামের বুড়িঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়ন থেকে চিল্লায় যাওয়ার উদ্দেশ্যে ৫০ জনের একটি দল বাসে করে ঢাকায় আসে। শাহবাগ এলাকায় নেমে সবাই হেঁটে কাকরাইল মাসজিদে যাচ্ছিলেন। এ সময় জিনু শেখ অসুস্থ হয় পড়লে গ্যাসের ওষুধ খান। কিন্তু অবস্থার উন্নতি না হলে তার সঙ্গে থাকা অন্যরা (তাবলিগের সাথী ভাই) দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।