একটি ওভারহেড কিক, একটি পেনাল্টি শট, দুটি গোল এবং একটি অ্যাসিস্ট—একজন ফরোয়ার্ডের জন্য এমন পারফরম্যান্সের চেয়ে বেশি কিছু চাওয়ার নেই! উয়েফা নেশনস লিগের শুক্রবার রাতে পোল্যান্ডের বিপক্ষে এমনই একটি দুর্দান্ত ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৩৯ বছর বয়সী তারকার অসাধারণ পারফরম্যান্সে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে পর্তুগাল। আর এই জয়ে রোনালদো ছুঁয়েছেন আরেকটি বড় মাইলফলক। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচ জয়ী ফুটবলার এখন রোনালদো, পিছনে ফেলেছেন স্পেনের সার্জিও রামোসকে।
পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে নেশনস লিগের গ্রুপ এ-ওয়ানের এই ম্যাচে রোনালদো ছাড়াও পর্তুগালের হয়ে গোল করেছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো।
ম্যাচের ৫৯ মিনিটে রাফায়েল লিয়াও প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৭২ মিনিটে পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
ম্যাচের সেরা মুহূর্তটি আসে ৮৭ মিনিটে, যখন রোনালদো দলের পঞ্চম গোলটি করেন। ডান দিক থেকে ভিতিনিয়া একটি উঁচু ক্রস বাড়ান ছয় গজ বক্সের ভেতরে। বলের চেয়ে সামান্য এগিয়ে গিয়ে শূন্যে ভেসে ডান পায়ের শটে গোল করেন রোনালদো। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়াল ১৩৫-এ, আর সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারের ৯১০ গোল। দুটিই রেকর্ড হিসেবে সর্বোচ্চ।
পর্তুগালের পাঁচটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে, যার মধ্যে দুটি রোনালদোর। ম্যাচ শেষে দুই অর্ধের পার্থক্য নিয়ে কথা বলেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ।
তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা মনোযোগ হারিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের মানসিকতা বদলেছে, খেলায় মনোযোগ বাড়িয়েছে এবং পারস্পরিক সহায়তা করেছি। পোল্যান্ডকে কোনো সুযোগই দেইনি।’
এই জয় নিশ্চিত করার মাধ্যমে এক ম্যাচ বাকি থাকতেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে পর্তুগাল। গ্রুপ এ-ওয়ানে তাদের শেষ ম্যাচ হবে ১৫ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে।